খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবি গণফোরামের
অন্যান্য

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবি গণফোরামের

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

গণফোরামের নেতারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ও জনগণের অধিকার আদায়ে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। ভিত্তিহীন মিথ্যা মামলায় তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দেওয়া বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্ট উদাহরণ। এমনকি বিদেশে সুচিকিৎসার জন্য জামিন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের বিচারহীনতার কলঙ্কজনক অধ্যায়।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসা মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার  খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, খালেদা জিয়ার কিছু হলে এর সব দায়ভার ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারকে নিতে হবে।