ইটভাটা চালু রাখতে মেহেরপুরে সড়ক অবরোধ ॥ স্মারকলিপি প্রদান
অন্যান্য মেহেরপুর

ইটভাটা চালু রাখতে মেহেরপুরে সড়ক অবরোধ ॥ স্মারকলিপি প্রদান

সবার সংবাদ প্রতিবেদক:

ইটভাটার কার্যক্রম এবছর চালু রাখার দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার অর্ধ শতাধিক ইটভাটার মালিক শ্রমিকরা জড়ো হয়ে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।

একই সময়ে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছেও স্মারকলিপি দিয়েছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।

ইটভাটায় ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত যানবাহন নিয়ে হাজার হাজার শ্রমিক জড়ো হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে। একইসাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে দাবি উত্থাপন করেন নারী পুরুষ শ্রমিকরা। প্রায় দেড় ঘন্টা ধরে কর্মসুচী পালন করে উপজেলা নিবাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।

ইটভাটা মালিক সমিতির পক্ষে সাবেক এমপি আমজাদ হোসেন জানান, সারা দেশে ইটভাটায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। ইটভাটা বন্ধ হলে এসব শ্রমিকরা বেকার হয়ে বিপথগামী হতে পারে। তারা যদি রাতের আঁধারে রাস্তায় নামে তাহলে তা প্রতিরোধ করা প্রশাসনের পক্ষে অসম্ভব। শ্রমিকদের চাপে ভাটা মালিকরা স্মারকলিপি প্রদান করছেন। সেহেতু ইটভাটা চালু রাখার দাবী জানান তিনি।

প্রসঙ্গত; অবেধ ইটভাটার কার্যক্রম বন্ধে হাইকোর্টোর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ব্যাপক অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। আইন অনুযায়ী পুরাতন ইটভাটার প্রায় ৯৯ ভাগই অবৈধ। ফলে এর সাথে সম্পৃক্ত কয়েক লাখ শ্রমিক বেকার হচ্ছে এবং মালিকরা বিনিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন। মালিক শ্রমিকদের অন্য ব্যবসায় সরিয়ে নিতে চলতি ইট পোড়ানো মৌসূম পর্যন্ত ইটভাটা চালুর দাবি জানিয়ে আসছিলেন ইটভাটা মালিকরা।