গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে-মাসুদ অরুন
অন্যান্য মেহেরপুর

গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে-মাসুদ অরুন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, অনেক রক্তের, যুদ্ধের, অনেক  মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আজ যখন ভাত এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে, আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি, তখন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।

মাসুদ অরুন বলেন কি দোষ করেছিলাম আমরা, আমরা বলেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সকল দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ভোট এবং ভাতের অধিকার কে নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এবং তার মধ্য দিয়েই আমরা একটি স্বপ্নের বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতি দলের দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানউল কবির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেঞ্জির।