সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল সকালে চাচাতো ভাই ও ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয় ভ্যান চালক আব্দুল আলীম। একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল আলীমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার এজাহার নামীয় আসামী হচ্ছেন সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। এরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়র বাড়ি অবস্থান করছিল। এদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। দুজনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্যঃ আলিম ও তার চাচা খলিলুর রহমানের সাথে শরিকানা জমির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল চাচাতো ভাই ছাইদুল ও হান্নানের সাথে। সম্প্রতি আব্দুল আলিম তার অংশের জমি অন্যজনের কাছে বিক্রি করে দেন। এতে রাগান্বিত হন অন্যান্য চাচাতো ভাই ও ভাতিজারা। সেই জমি গত ২৭ এপ্রিল মাপজোক করা হয়। কিন্তু তার চাচাতো ভাই ও ভাতিজারা মাপজোক মানতে নারাজ।
২৮ এপ্রিল সকালে ওই জমি আবারো ভাগাভাগি করেন আলিম ও তার চাচা খলিলুর রহমান। এসময় ওঁৎ পেতে থাকা চাচাতো ভাই সাইদুল ও তার ছেলে বান্টু ও সেন্টু এবং আব্দুল হান্নানের ছেলে রাসেল ও রাফিদুল ধারালো অস্ত্র ঢাল তলোয়ার ও ফলা নিয়ে তার উপর হামলা করে। তারা আলিমকে কুপিয়ে ও ফলা বিদ্ধ করে নির্মমভাবে খুন করে জমির উপর ফেলে পালিয়ে যায়।







