মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু সাঈদ।

এ সময় তিনি বলেন, সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার ৩টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২৭৮৬৭ জন ছেলে ও ২৭৩৮৬ জন মেয়ে মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে মেহেরপুর সদরে ১৩৬টি, গাংনী ২৯৮টি, মুজিবনগর ৯৬টি এবং পৌরসভায় ১০৬টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ১১ কর্মদিবসব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নে জেলায় প্রতিটি টিমে দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। জেলার প্রত্যন্ত এলাকাসহ প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের এই টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান, যাতে হাম প্রতিরোধে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা যায়।

সংবাদ সম্মেলনে হাম রুবেলা সম্পর্কে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।