গাংনীতে স্বামীর নিম্নাঙ্গ ক্ষতি করে হত্যার চেষ্টা: স্ত্রী থানা হেফাজতে
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে স্বামীর নিম্নাঙ্গ ক্ষতি করে হত্যার চেষ্টা: স্ত্রী থানা হেফাজতে

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল মালেক (৩০) এর নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্থ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী রিয়া খাতুনের (২২) বিরুদ্ধে। এ ঘটনার পরেই রিয়া খাতুনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক ঐ গ্রামের ইছার আলীর ছেলে, স্ত্রী রিয়া খাতুন মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রিয়া ও আব্দুল মালেকের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সকালে আব্দুল মালেক তার স্ত্রীকে মারপিট শুরু করে। আত্মরক্ষার জন্য রিয়া আব্দুল মালেকের নিম্নাঙ্গের উপর আঘাত করলে ধস্তাধস্তির একপর্যায়ে মালেক মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত মালেক জানান, আমার স্ত্রী রিয়া একজন ইতালি প্রবাসীর সাথে মুঠোফোনে প্রায় সময় যোগাযোগ করে। বাধা দেওয়াই আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমাকে হত্যার উদ্দেশ্যে এ রকম নির্মমভাবে আমার নিম্নাঙ্গে আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।

মালেকের স্ত্রী রিয়া খাতুন জানান, আমার স্বামী মা-বাবার কথা শুনে প্রায় প্রতিনিয়তই আমার সাথে গালমন্দ ও মারধর করেন। ইতিপূর্বেও তার তিনটি স্ত্রী তালাক নিয়ে মায়ের বাড়ি চলে গেছে। বিয়ের সম্পর্ক গোপন করে আমার সাথে বিয়ে করে। আমার বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। সকালে মুরগীর বিষ্টা পরিষ্কার করাকে কেন্দ্র করে ঝাড়ু দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। তখন নিজের আত্মরক্ষায় আমি তার নিম্নাঙ্গে আঘাত সহ সেটা চেপে ধরে আত্মরক্ষার চেষ্টা করি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবীর হোসেন জানান, আব্দুল মালেকের পুরুষাঙ্গ খারাপভাবে ছিঁড়ে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আব্দুল মালেকের স্ত্রী রিয়া খাতুনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুরুষাঙ্গ ছেড়ার চেষ্টার ঘটনায় তদন্ত চলছে।