গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত : বন্ধু আহত
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত : বন্ধু আহত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় তার বন্ধু বকুল হোসেন (১৬) আহত হয়। নিহত সিয়াম আকুবপুর গ্রামের আবুল হাশেম বিশ্বাসের ছেলে ও স্থানীয়  হাজি ভরষউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এবং আহত বকুল একই গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যান। তার বন্ধু বকুল ওই হাসপাতালোই ভর্তি রয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে বালিবাহী ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু আহত হয়েছিলেন। স্থানীয়রা জানান, সিয়াম ও তার বন্ধু বকুল একটি মোটরসাইকেলযোগে মাংস কেনার উদ্দেশ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের দিকে যাচ্ছিলেন। সিয়াম মোটরসাইকেল চালাচ্ছিলেন। পিছনে বসা ছিলেন তার বন্ধু বকুল।

তারা মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটার নিকট পৌঁছালে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দু’বন্ধু সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। আহত দুজনকে পথচারীরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যান। 

স্থানীয়রা জানান, দ্রুত মোটেরসাইকেল চালানোর কারণে মোটেরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এদিক ড্রাম ট্রাকটি জব্দ করেছে গাংনী থানা পুলিশ। সেই সাথে ট্রাকের চালক আলামিন হোসেন ও হেলপার মারুফকে থানায় নেয়া হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়া এলাকায়।