গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, নারীসহ আহত-৩
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, নারীসহ আহত-৩

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬০ বছর বয়সি অজ্ঞাত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। দুর্ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছে। এরা হচ্ছেন-মোটরসাইকেল আরোহী শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা (১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫), ইজিবাইক যাত্রী রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫) ও কুষ্টিয়া মেডিকেলে মারা যাওয়া অজ্ঞাত ঐ ব্যাক্তি।

এদের মধ্যে অজ্ঞাত ওই ব্যাক্তিসহ রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অজ্ঞাত ঐ বৃদ্ধকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন। আহত মর্জিনা খাতুনকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শুক্রবার সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখেমুখি সংঘর্ষ হলে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ জানান, আহতদের মধ্যে মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে। অন্য তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহত ব্যাক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।