সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত শাহাদত আলী মাস্টারের ছেলে জামিরুল ইসলাম জনি (৩৫) ও একই এলাকার রফিক মন্ডলের ছেলে স্বাধীন মন্ডল (১৯)।
স্থানীয়রা জানায়, একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলে পশ্চিম মালসাদহ গ্রাম থেকে থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় তাদের ধাওয়া করা হয়। পরে চোখতোলা নামক স্থানে তাদের আটক করা সম্ভব হয়। এসময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় দুইজনকে আটক ও ছাগলটি উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।







