গাংনীতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪ জন জটিল রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে ২০ জন ভিক্ষুককে পূনর্বাসন করার জন্য জন প্রতি ৪৫ হাজার টাকা করে প্রদান করা হয়।  চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এসময় মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলে রাব্বি, গাংনী উপজেলা মহিলা ভাইস চোয়ারম্যান ফারহানা ইয়ামিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাজিপুর ইউপি চেয়ারম্যান মু.আলম হুইসাইন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারমান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।