গাংনীতে ১০ পরিবার পেলো সরকারী ঘর
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ১০ পরিবার পেলো সরকারী ঘর

সবার সংবাদ ডেস্ক:

শেখ হাসিনা সরণি’ (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের অধীনে ১০৪১টি কাঠামো ও বাড়ির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মধ্যে ৪ হাজার ৬৪৪টি বিভিন্ন উন্নয়ন অবকাঠামো এবং ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১ লাখ কোটি টাকা ব্যয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫ হাজার ৩৯৭টি গৃহ নির্মাণ।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসাবে মেহেরপুরের গাংনীতে ১০টি পরিবার পেলো সরকারী ঘর। সেই সাথে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

একই সাথে উপজেলার সাহারবাটী স্থাপনকৃত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বাধেন করা হয়। গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১০ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঘরের চাবি প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী)  আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।