সবার সংবাদ ডেস্ক :
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সম্মেলন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হন অপু উকিল। ২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন। ১৮ বছর ধরে তারা দুজনই এই সংগঠনের নেতৃত্ব নিয়ে যাচ্ছেন। তবু সব কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। গত ১০ মে সম্মেলনের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেন তারা। শুরু হয় কমিটি দেওয়া।
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য, যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সম্পর্ক ভালো নয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা আলাদা আলাদা। তাদের কার্যক্রম ও মতামতও ভিন্ন ভিন্ন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সম্মেলনের মাধ্যমে সরে যেতে পারেন সভাপতি নাজমা আক্তার। আসতে পারে নতুন নেতৃত্ব।







