সবার সংবাদ প্রতিবেদক:
ইপিআই কার্যক্রমে আগামী ১২ অক্টোবর থেকে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে মেহেরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।
এসময় তিনি বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, টিকা সম্পর্কে অনেক অপতথ্য ও গুজব ছড়ানো হয়, যা মানুষকে বিভ্রান্ত করে। এসব অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেন, তাহলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।
টাইফয়েড টিকাদান সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক। প্রেস কনফারেন্সে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।







