সবার সংবাদ ডেস্ক:
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের শামসুজ্জোহা পার্কে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই বিভিন্ন স্থান ও গ্রাম থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলবদ্ধভাবে শ্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শামসুজ্জোহা পার্ক। বিকেল সাড়ে ৪টার মধ্যে জনতার উপচেপড়া উপস্থিতিতে কানাই কানাই ভরে ওঠে পুরো সভাস্থল। মানুষের চাপ সভাস্থল ছাপিয়ে শহরে প্রধান সড়কে গিয়ে পড়লে মানুষের চাপে সড়কের যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। সমাবেশে মানুষের হাততালি আর সরব উপস্থিতি ছিল অন্যদের কাছে ঈর্ষানীয় ও অবাক করার মত।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির ভাষণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন-আজ দেশের সব জেলায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষার জন্য শান্তি সমাবেশ হচ্ছে। অল্প সময়ের ডাকে এই বিশাল সমাবেশে অংশগ্রহণকারী প্রতিটি কর্মীকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন-জাতির জনকের কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে এবং যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই সমাবেশ এবং উপস্থিতি তারই প্রমান রাখে।
বিএনপি-জামায়াত এখন মানুষের কাছে না গিয়ে বিভিন্ন দূতাবাসে গিয়ে ধর্ণা দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। দেশকে অকার্যকর করা চেষ্টা করছে। মানুষ জানে বিএনপি-জামায়াতের শাসনামলের নৈরাজ্য, জ্বালাওপুড়াও রাজনীতি, মানুষকে গুলি করে হত্যার কাহিনী। সে সময়ে অনেক সাংবাদিক অনেক অর্থনীতিবিদকে হত্যা করা হয়েছে। সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে। ২১ আগষ্ট হত্যাকান্ড ঘটিয়েছে। এখন সরকারের আকাশচুম্বি উন্নয়ন দেখে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যার ঝুলি নিয়ে অপপ্রচারে নেমেছে। এই সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি মেহেরপুরে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলে নেতাকর্মীরা হাততালি দিয়ে মন্ত্রীকে সাধুবাদ জানান।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ এমপি বলেন যারা উন্নয়নে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে তারা কখনো বিএনপিকে চায়না। গণতন্ত্রের নামে যারা সারাদেশে হাওয়া ভবন তৈরি করে, জনগন তাদের আর চাইনা। তিনি বলেন, বিএনপির গণতন্ত্র লুটপাটের গণতন্ত্র। বিএনপি'র গণতন্ত্র নৈরাজ্যের গণতন্ত্র। তাদের এই গণতন্ত্র জনগণ আর চায় না। আজ সেই বিএনপির নেতাকর্মীদের মুখে গণতন্ত্রের কথা শুনে দেশের লোক হাসে। তিনি বিএনপির অপপ্রচারকে প্রতিহত করার জন্য সারাদেশে আওয়ামী লীগ কর্মীদের আজ ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক ও বারাদী ইউপি চেয়ারম্যান মুমিনুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামান, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব হোসেন শান্তি, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ সমাবেশে জেলার তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।







