সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে গাংনী পৌর এলাকার মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ। স্বামীর সাথে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক প্রশিক্ষণের জন্য গাংনী আসছিলেন। নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।
স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষণের জন্য আসছিলেন। পথিমধ্যে মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম।
ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।







