সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ
টপ নিউজ মেহেরপুর

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

সবার সংবাদ ডেস্ক:

সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং দেশের ক্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে মেহেরপুর এবং মেহেরপুরের গাংনীতে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের জাতীয় ইমাম সমিতি।

মিছিলটি ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ শেষে গাংনী ত্রিমোহনী মোড়ে গিয়ে পথসভা ও মানববন্ধন করে। বাংলাদেশের জাতীয় ইমাম সমিতির গাংনী শাখা সভাপতি হাজী আলফাজ উদ্দিনের সভাপতিত্বে ও ওয়াজ কুরুনী জামিল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম ইলিয়াস হোসেন, মাদ্রাসা মসজিদের ইমাম সাইফুল্লাহ, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে,পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানান বক্তারা। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহŸান জানানো হয়।

সমাবেশে দেশের ‘পাঠ্যপুস্তকের বিতর্কের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান ও আকিদার কথা বিবেচনায় রেখে স্কুল-কলেজে সুন্দর একটি পাঠ্যক্রম তৈরি করতে হবে। এ সময় ইতিহাস বিকৃতি, ইসলামকে অবজ্ঞা করে পাঠ্যপুস্তক রচয়িতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।