সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন বলেছেন-ছাত্রলীগের ৭৫তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সরকার সুখবর নিয়ে এসেছে। ৭৫ পেরিয়ে ছাত্রলীগের ৭৬ বছরে পা দিল। এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমে গড়া আজকের এই অর্জন।
ছাত্রলীগ দেশের যে কোন সঙ্কটে যে কোন দুর্যোগে, যে কোন প্রয়োজনে মানুষের পক্ষে কাজ করতে ঝাঁপিয়ে পড়েছে। তাই এই মুহুর্তে আমি ঘোষণা দিচ্ছি যে প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন চলতি বছরের আগামী ১০ জানুয়ারী ঐতিহাসিক মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন মহান সংসদে পাশ হবে। যে ঘটনার মধ্যদিয়ে মেহেরপুরে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রæত গতিতে এগিয়ে যাবে।
মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৪ ডিসেম্বর) বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ছাত্রলীগের বিশাল একটি র্যালী বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো মেহেরপুর শহর। বঙ্গবন্ধুর, প্রধানমন্ত্রীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ছবিসহ হাতে প্লাকার্ড নিয়ে এবং ছাত্রলীগের ছেলেমেয়েরা র্যালীতে অংশ নেয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে র্যালীটি সেখান থেকে বের হয়ে শহরের শহীদ ড. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে এক সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন-ছাত্রলীগ মেহেরপুরে করোনা সঙ্কট মোকাবিলায় যেমন আক্রান্তদের পাশে চিকিৎসা এবং খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি মাঠের ধান কেটে কৃষককে সহায়তা করেছে। এ কারণে বাংলাদেশ ছাত্রলীগ এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রিয় একটি অঙ্গ সংগঠনে রূপ নিয়েছে।
জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম বাধনের সভাপতিত্বে এবং মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম খোকন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে কেক কেটে মিষ্টিমুখ করিয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগামী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বলেন-বর্তমান সরকার শুধু মেহেরপুর নই সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। মেহেরপুরে রেলপথ, স্থলবন্দর, আইসিটি পল্লী, কারিগরি কলেজ, মনোরোম মসজিদ, নার্স ইন্সটিটিউট সহ নানান উন্নয়ন প্রকল্প চলছে। অথচ-বিরোধীরা সেগুলো চোখে না দেখে মানুষকে ভুল তথ্য দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করছে। তাই প্রতিটি মানুষকে স্বাধীনতা বিরোধী ওই শক্তির প্রতিটি পদক্ষেপের উপর সর্তক দৃষ্টি রাখতে হবে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।







