সবার সংবাদ ডেস্ক :
বিনম্র শ্রদ্ধা, পুস্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, শরীরচর্চা সহ
নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান। এরপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মনসুর আলম খান এবং পুলিশ সুপার রাফিউল আলম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, জেলার বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকাল সাড়ে ৮ টার সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন এবং জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি বিশাল বিজয় র্যালী বের হয়ে শহীদ মিনারে যায়। সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও দলের সভাপতি ফরহাদ হোসেন এর পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ৮ টার সময় জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। পুলিশ, আনসার, স্কাউট, রোভার স্কাউট দল সহ বিভিন্ন প্রতিষ্টান এবং সংগঠন এই কুচকাওয়াজে অংশ নেন। জেলা প্রশাসক মনসুর আলম খান কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। সেখানে রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। মেহেরপুরের মুজিবনগর এবং গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুরুপ কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।







