সহিংসতা বন্ধ না হলে দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে প্রফেসর আবদুল মান্নান
অন্যান্য মেহেরপুর

সহিংসতা বন্ধ না হলে দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে প্রফেসর আবদুল মান্নান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর-১ আসনের বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে। পরাজিত প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর মারধর এবং ক্ষেতের ফসল তসরুপাত করা হচ্ছে। এই সহিংসতা বন্ধ না হলে আওয়ামী লীগের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মেহেরপুর-১ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, গতকাল রাতে বাগোয়ান গ্রামে সংঘর্ষসহ বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা বাড়িঘরে ভাঙচুর ও ক্ষেতের ফসল তসরুপাত করা হয়েছে। বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন এখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তাই সহিংসতা দমনে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এতে প্রতিটি গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন পরাজিত প্রার্থী আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মিজান আলী ও আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষ এবার নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী লড়াই করে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জয়লাভ করেছেন। এরই মধ্যে মুজিবনগর থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত জানান, উক্ত মামলায় ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছে।