রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে গাংনী হাসপাতালে নারী চোর আটক
অন্যান্য মেহেরপুর

রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে গাংনী হাসপাতালে নারী চোর আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কাটার লাইনে দাড়িয়ে রোগীর গলার স্বর্ণের চেইন চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে এক নারী চোর। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত নারী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন মালিগ্রামের ইউনুস শেখের স্ত্রী নাজমা খাতুন ওরফে নাসিমা (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী পৌরসভাধীন পূর্বমালসাদহ গ্রামের হাজেরা খাতুন তার অসুস্থ শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাক্তার দেখানো টিকিট কাটার সময় অভিযুক্ত নারী হাজেরা খাতুনের শাশুড়ির পিছনে দাড়িয়ে কৌশলে গলায় থাকা স্বর্ণের চেইন খোলার চেষ্টা করছিলো।

এমন সময় হাজেরা খাতুন তাকে ধরে চিতকার দিলে আশেপাশের লোকজন এসে চোরকে আটক করে। এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঐ নারী চেইন চুরির চেষ্টা করছিলো বলে সকলের সামনে স্বীকার করে। পরে থানায় খবর দিয়ে স্থানীয় লোকজন ঐ নারীকে পুলিশর হাতে তুলে দেয়।

এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চুরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত নাজমা খাতুন ওরফে নাসিমাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।