আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে চলমান শান্তি আলোচনার এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনও বিস্তারিত আলোচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা এই মুহূর্তে পারমাণবিক বিষয়ের বিশদ বিবরণ নিয়ে আলোচনা করব না। পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর সময়সীমা নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঘাই আরও বলেন, আমরা ৩০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে প্রবেশ করব নাকি ৬০ দিনের মধ্যে তা পরবর্তী বিবেচ্য বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক ‘চূড়ান্ত করার’ বিষয়ে মনোনিবেশ করছে। আলোচনার অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইসমাইল বাঘাই বলেন, গত এক সপ্তাহে দুই পক্ষের মতামত অনেকটাই কাছাকাছি এসেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কী ঘটে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।







