সবার সংবাদ ডেস্ক :
আটক শিপু গাংনীর সাবেক এমপি মকবুল হোসেনের পিএস ছিলো, তার উত্থান নিয়ে প্রশ্ন অনেকেরই
অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে পুলিশ মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু সহ ছয়জনকে আটক করেছে। মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দ পুলিশ এবং গাংনী থানা পুলিশের একাধিক টিম মেহেরপুরের গাংনী বাজারে তার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত অন্যরা হলেন- গাংনী সরকারী কলেজের অফিস সহকারী রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগগের সাবেক নেতা জুবায়ের হোসেন উজ্জল, গাংনী বাজার কমিটির সদস্য বিপুল হোসেন এবং মালসাদহ গ্রামের চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।
মেহেরপুরের গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান- জেলা ছাত্রলীগ নেতা গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগ পেয়ে ডিবি পুলিশ এবং গাংনী থানা পুলিশের দুটি দল মঙ্গলবার রাতে গাংনী বাজারস্থ শিপুর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায়। এ সময় শিপু সহ কয়েকজন সেখানে প্রতিদিনের ন্যায় বসেছিল। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষানিরিক্ষা করে রাতেই তাদের ছয়জনকে আটক করা হয়। অভিযানে ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম।
অভিযানের বিষয়ে ডিবি ওসি সাংবাদিকদের জানান, তাদের ছয় জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ- শিপুর জনপ্রিয়তা নিয়ে যেমন দ্বন্দ্ব রয়েছে। তেমনি শিপুর চলাফেরা এবং নিত্যদিনের ব্যায় সহ ইদানিংকালে তার উত্থান নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছিল। অনেকে অনেকভাবে তাকে সন্দেহের চোখে দেখতো। এখন পুলিশই খতিয়ে দেখবে তার প্রকৃত রহস্য।







