গাংনীতে দুর্বৃত্তের আগুনে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে দুর্বৃত্তের আগুনে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর নওদা মটমুড়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।  শনিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা হার্ডওয়্যার ব্যবসায়ী বজলুর রহমান বকুলের দোকানে আগুন লাগিয়ে দেয়। তিনি নওদা মটমুড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

ভুক্তভোগী বজলুর রহমান বকুল জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ রবিবার(২১ জুন) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে দোকানে এসে দেখেন ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, দোকানে প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রী ছিল। আগুনে অন্তত ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন ব্যবসায়ীর জীবিকার অবলম্বন এভাবে ধ্বংস করা অত্যন্ত নিন্দনীয়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের একটি টিম টনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।