অবৈধভাবে পুকুর খনন করে মাটি বহন, সরকারি কালভার্ট ভেঙ্গে চুরমার
অন্যান্য মেহেরপুর

অবৈধভাবে পুকুর খনন করে মাটি বহন, সরকারি কালভার্ট ভেঙ্গে চুরমার

সবার সংবাদ ডেস্ক:

সরকারি আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বহনের সময় সরকারি কালভার্ট ভেঙ্গে চুরমার করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকালে সদর উপজেলার বাবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম একই গ্রামের মুছা করিমের ছেলে।

জানা গেছে, সাইফুল বাবরপাড়া গ্রামে রাস্তার পাশে তার একটি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে। সেই পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি বহন করার সময় সরকারিভাবে নির্মাণাধীন কালভার্টটি ভেঙ্গে ফেলে। এলাকাবাসীর অভিযোগ যে জায়গাটিতে পুকুর খননের কাজ চলছে সেই জমিটি অর্ধেকের বেশি সরকারি জমি। সাইফুল সরকারি আইন অমান্য করে পুকুর খননের পাশাপাশি রাস্তার একমাত্র কালভার্টটি ভেঙ্গে ফেলেছেন। সাইফুল ইতোপূর্বে সরকারি আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে একাধিক পুকুর খনন করেছেন।

সরেজমিন দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সাইফুলের ন্যায় একাধিক ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করছে।  একের পর এক পুকুর খননের ফলে যেমন কমছে ফসলি জমি তেমনি চাষাবাদ ব্যহত হচ্ছে। এখনই অবৈধ পুকুর খনন বন্ধ না হলে গ্রামটি পুকুরের গ্রামে পুরণত হবে। অবৈধ পুকুর খনন বন্ধে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।