মুজিবনগরে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম বুলু আরা খাতুন। সে গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। সোমবার দিবাগত রাতে ওই নারীর আত্মীয়রা তার লাশ শনাক্ত করে।

স্থানীয়রা জানান, বুলুয়ারা খাতুনের স্বামী রফিকুল ইসলাম মারা গিয়েছেন ৪ বছর পূর্বে। বুলু আরার রয়েছে একটি মেয়ে সন্তান। স্বামী রফিকুল মারা যাওয়ার পর বুলু আরা কন্যা সন্তান ঘরে রেখে গত এক বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধর মেহেরপুর সদর উপজেলার পিরাজেপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করেন। বুলু আরা আহসান আলীর দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসার করে আসছিলেন।

গত শনিবার বুলু আরা নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরাজেপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখোঁজ হন। গত সোমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল। লাশের ছবি দেখে তার পরিবার বুঝতে পারে সেটি বুলু আরার লাশ।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, লাশের শরীরে আঘাতর চিহ্ন রয়েছে। প্রথম পর্যায়ে লাশটি শনাক্ত না করা গেলেও,পরে ছবি দেখে লাশটি শনাক্ত করা সম্ভব হয়। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কি কারণে এবং কে বা কারা তাকে হত্যা করেছে তা শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।