সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মুখ বিহীন ও এক চোখ বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় বাছুরটি জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পর বাছুরটি মারা যায়। জানা গেছে বামনপাড়া গ্রামের সাগর খানের ছেলে রাজু আহমেদের একটি গাভীর গর্ভে বাছুরের জন্ম হয়।
ভূমিষ্ঠ হওয়ার পর বাছুরটি অন্য বাছুরের চেয়ে অস্বাভাবিক মনে হওয়ায় গাভীর মালিক রাজু চিৎকার শুরু করেন। পরে আশেপাশের লোকজন আসার পরপরই বাছুরটির মৃত্যু হয়। ভূমিষ্ঠ হওয়া বাছুরটি দেখা গেছে কপালের উপর একটি চোখ, হাতি সুঁড়ের মতো লম্বা মুখ, দুটি কান স্বাভাবিকের চেয়ে একটু বড়। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা সেখানে ভিড় জমান।
গরুর মালিক রাজু আহমেদ জানান, গাভিটির চতুর্থবার মতো বাছুর জন্ম দিয়েছিলো। ইতোপূর্বের দুটি বাছুর স্বাভাবিক হলেও গতবছরের জন্ম নেওয়া অপর একটি বাছুর এ ধরনের এক চোখ বিশিষ্ট বাছুর জন্ম হয়েছিল, সেটিও মারা যায়।
তিনি বলেন, মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক রফিকুলের নিকট থেকে চলতি সালের ১৪ই মার্চ ব্রাহমা জাতের গরু হিসেবে ক্রস করান। কিন্তু বাছুরটি গতবারের মতো এবারও ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল।







