সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত৷ ভাংচুর করা হয়েছে মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র৷ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ জানা গেছে, গাংনী উপজেলার রামনগর গ্রামের মৃত ফজলু শাহ-র ছেলে জীবনের কাছে টাকা পায় একই গ্রামের রবি৷
আজ সোমবার বেলা ১১ টার দিকে রবি তার পাওনা টাকা চাইতে গেলে জীবনের সাথে বাক-বিতন্ডা শুরু হয়৷ এসময় জীবন ও শীলন দুই ভাই রবির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে৷
এ ঘটনায় উত্তেজিত হয়ে রবি পক্ষের লোকজন পাল্টা হামলা চালিয়ে জীবনের মোটরসাইকেল ও ঘরের আসবাব পত্র ভাংচুর করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ৷ এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে৷ স্থানীয়রা আহত রবিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে৷
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷







