সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
টপ নিউজ মেহেরপুর

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে পেশাগত দায়িত্ব পালন কালে দুইজন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুজিবনগর প্রেস ক্লাব। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মুজিবনগর গ্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে আরো বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক মহসিন আলী আঙ্গুর ও নব নির্বাচিত সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু সাঈদ, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, উই আর ফর পিপলের সভাপতি মোহাম্মদ মুইজ, মানবাধিকার কর্মী দিলারা জাহান। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন জিটিভি প্রতিনিধি রফিকুল আলম, বাংলাদেশ প্রতিদিনের মাহাবুবুল হক পোলেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহ সভাপতি মজনুর রহমান রহমান আকাশ, ইনকিলাব প্রতিনিধি ফারুক মল্লিক, একুশে টেলিভিশন প্রতিনিধি ফারুক হোসেন, বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, কালবেলা প্রতিনিধি মাহমুদ রাফি, দীপ্ত টিভির জাকির হোসেন, ডিবিসির আবু আক্তার করণ, সময় টিভির বেনিয়ামিন মুক্ত, ৭১ টিভির আসিফ আহমেদ, নিউজ ২৪ এর ডালিম সানোয়ারসহ সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। সমাজের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব দুর্বৃত্তদের দমন করা না গেলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। হামলার সাথে জড়িত ২ আসামির জামিন মনজুর হওয়ায় ক্ষোভে  ফেটে পড়েন বক্তারা। হামলার সাথে জড়িতের জামিন না মঞ্জুর করে দৃষ্টান্তমুলক সাজা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, গেল ১২ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়। এ ঘটনার জের ধরে কিছু উচ্ছৃংখল মানুষ মউক নামের একটি এনজিও অফিসে হামলা চালায়। ঘটনাস্থলে দুর্ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করার সময় উচ্ছৃংখল কিছু মানুষ সাংবাদিক রাশেদুজ্জামানের উপর বর্বরোচিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছুটে গেলে তাদের হামলার শিকার হন সাংবাদিক পাভেল। পরে পুলিশ ও সাংবাদিকরা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনার দিন রাশেদুজ্জামান বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আবু লায়েছ নামের এক আসামি এবং পরে প্রধান আসামি আকাশকে গ্রেফতার করে পুলিশ।