সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগর উপজেলার দারিয়াপুর পশ্চিমপাড়ার মাঠপাড়ায় কুয়েত প্রবাসী আরশাদ আলী ও তার স্ত্রী সুফিয়ার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। কুয়েত প্রবাসী আরশাদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন সরকারি খাস জমি দখল করে আলিশান বাড়ি নির্মাণ করছেন। স্থানীয়দের অভিযোগ বাড়ি নির্মাণের সময় ইতোমধ্যেই সরকারি খাস জমি দখল করে প্রাচীর দিয়ে জমির দখল নিয়ে ফেলেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর পশ্চিমপাড়ার মাঠপাড়ায় কুয়েত প্রবাসী আরশাদ আলী যে বাড়ি নির্মাণ করছে সেই বাড়ির চারদিক নির্মিত প্রাচীরের পশ্চিম অংশ সরকারী খাস জমিতে। সেই অংশটুকুও প্রাচীর দিয়ে ঘিরে দখল করে নিয়েছেন।
এ প্রসঙ্গে প্রবাসী আরশাদ আলীর স্ত্রী সুফিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান মেইন রাস্তার পাশে আমাদের জায়গা বেশি আছে। আমরা মেইন রাস্তার পাশে আমাদের জমি বেশি ছেড়ে দিয়েছি। তাই পশ্চিমপাশে সরকারি জমি আমরা পুরো জমি দখল করছি না। বসবাসের উপযোগী করতে পুরো বাড়ি প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছি। তাই পশ্চিমদিকে আমার জমি ছাড়া অল্প একটু অংশ ঘেরার ভিতরে পড়েছে। যদি সমস্যা হয় তাহলে সরকার আমার প্রাচীর ভেঙে দিয়ে নিয়ে নিলে আমরা কোন আপত্তি করবো না। তবে আমাকে তো এই বাড়িতে বসবাস করতে হবে ।
এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি বলেন, বিষয়টি সত্য প্রবাসী আরশাদ আলীর বাড়ির পশ্চিমে ৫ কাঠা জমি সরকারী খাস জমি। আমরা জানার পর গ্রাম্য পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিই। এবষিয়ে মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার অবগত আছেন। উভয় পক্ষের আমিন দিয়ে জমি মেপে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। তিনি বলেন আমার ইউনিয়নের দুই তিন টা পরিবার রাস্তার উপর বসবাস করছেন। তাদের ঐ জায়গায় বসানোর প্রক্রিয়া চলছে। তাই প্রাচীর দিয়ে দখল করে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা আছে।







