সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে বিএনপি'র চার নেতাকে আটক ও ৪টি ককটেল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের একটি আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও বিদ্যাধরপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৩), মোনাখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও শিবপুর গ্রামের ইলিয়াস বিশ্বাসের ছেলে শহিদুল হাসান রাহুল (২৭), মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শিবপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার গাজীর ছেলে আজিম উদ্দিন গাজী (৫০) এবং বাগোয়ান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জয়পুর গ্রামের দাউদ আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৪৮)। আটক ও ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।
তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানাধীন গৌরিনগর গ্রামের একটি আম বাগানের মধ্যে নাশকতার পরিকল্পনা করাকালীন সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ৪জন সক্রিয় নেতাকে আটক করা হয়েছে এবং এসময় অজ্ঞাতনামা ২০-২৫ জন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল সহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।







