মেহেরপুরের আইনজীবী সমিতির সাবেক সভাপতির চেম্বারে হামলা ভাংচুর
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরের আইনজীবী সমিতির সাবেক সভাপতির চেম্বারে হামলা ভাংচুর

সবার সংবাদ ডেস্ক:

একজন মাদকাসক্ত পালিয়ে মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিনের চেম্বারে আশ্রয় নিলে প্রতিপক্ষ গ্রুপ ওই মাদকাসক্তকে ধরে মারধর করার সময় আংশিক ভাংচুর হয়েছে আইনজীবী শাহিনের চেম্বার। আইনজীবী ইব্রাহিম শাহিন জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ছিলেন। ঘটনার সময় তিনি চেম্বারে ছিলেন না। 

প্রত্যক্ষদর্শী মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং ইউপি সদস্য সাথি জানান- ঘটনার সময় তারা ওই চেম্বারে বসা ছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে আইনজীবী সমিতির নিমতলা চত্বরে এই ঘটনা ঘটে। ডিসি কোর্ট চত্বরে মাদকাসক্ত আইয়ুব এর সাথে মিলন, জনি ও উজ্জলের কথা কাটাকাটি হয়। এ সময় তারা আইয়ুবের উপর দেশী অস্ত্র নিয়ে হামলা করলে আইয়ুব পালিয়ে অ্যাড. শাহিনের চেম্বারে আশ্রয় নেয়। তখন আইয়ুবের খোঁজে হামলাকারীরাও অ্যাড. শাহিনের চেম্বার ঢুকে পড়ে। দুইপক্ষের সংঘর্ষ মারামারির সময় আইনজীবীর চেম্বারের কিছু চেয়ার ভাংচুর করা হয়।

মেহেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন-আকস্মিক এমন আক্রমণের ঘটনায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পরে মেহেরপুর সদর থানায় ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মেহেরপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল হাসান বলেন. কোর্ট এরিয়াতে সব সময় নিরাপত্তা থাকে। তবে কিছু মাদকাসক্ত মাঝে মধ্যে চাঁদা চেয়ে সমস্যা সৃষ্টি করে। আমরা তাদের সতর্ক করেছি। আজকের ঘটনাটা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো এবং মাদকাসক্তদের একটি তালিকা দেবো।

অ্যাড. ইব্রাহীম শাহিন বলেন-বাইরের একটা ঘটনাকে কেন্দ্র করে আমার চেম্বারের আংশিক ক্ষতি হয়েছে। তখন বিচারিক কাজে আমি আদালতে ছিলাম। পরে অনাকাঙ্খিত বিষয়টি শুনে তৎক্ষনাত প্রশাসনকে জানিয়েছি। সেই সাথে এই চত্বরের নিরাপত্তা বৃদ্ধির জন্য আনুরোধ করেছি।