সবার সংবাদ ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন করেছে মেহেরপুর জেলা বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সন্নিকটে বিএনপি’র এই অনশন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান বিশ্বাস, ইলিয়াস আলী, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজন, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেসা নয়ন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনশন কর্মসূচীতে মাসুদ অরুন বলেন, স্বতঃস্পূর্ত গণতান্ত্রিক সংগ্রাম শুরু হয়েছে। যে সংগ্রামের মধ্যদিয়ে আমরা এই অবৈধ সরকারের অবসান ঘটাতে চাই। জনতার বিজয়কে সুনিশ্চিত করতে চাই। এই রাষ্ট্রের মালিক জনগণ। এই রাষ্ট্রকে আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।







