সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে শহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরাফাত রহমান নূর (১৫) মৃত্যুবরণ করেছে। শুক্রবার ভোরের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরের মৃত্যু হয়। নূর মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। নূর হোসেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের পৌর বাসটার্মিনাল এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নূর হোসেন সহ সজিব ও মতু নামের দুজন আহত হয়। সজিব একই গ্রামের রতন আলীর ছেলে এবং মতু চাঁদবিল গ্রামের জমসেদ শেখের ছেলে।
ঘটনার সময় আরাফাত রহমান নূর ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে শহরের পৌর বাসটার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তার উপরে ছিটকে পড়ে তিন জনই গুরুতর আহত হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আরাফাত রহমান নূর এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ভোরের দিকে নুরের মৃত্যু হয়।







