সবার সংবাদ ডেস্ক:
পুরোহিতের মন্ত্রপাঠ ও ঢাকের বাদ্য সহ নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূঁজা পালিত হয়েছে। স্বরস্বতীকে জ্ঞান ও শিক্ষার দেবী বলা হয়। তাই বৃহস্পতিবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে সারম্বরভাবে সরস্বতী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পূঁজার প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূঁজা আয়োজন করে দেবীর কাছে জ্ঞান বুদ্ধি শিক্ষার প্রার্থনা করেন। সনাতন ধর্ম মতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।







