সবার সংবাদ ডেস্ক:
থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিদেশগামী কর্মী ও সকল ট্রেডের ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সরকারের সাফল্য এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুম মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আবু হাসান আল জোবায়ের, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, প্রশিক্ষণার্থী উম্মে হাবিবা সুলতানা প্রমূখ।
এর আগে সৈয়দা মোনালিসা ইসলাম মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল ট্রেড পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তার হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।







