সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলায় প্রতি কেজি গরুর মাংস খুচরা পর্যায়ে ৬৮০ টাকা এবং খাসির মাংস ১০০০ টাকা কেজি দর পুনঃ নির্ধারণ করা হয়েছে। নিত্য পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি, মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে এই দর নির্ধারণ করেন জেলা প্রশাসক।
রবিবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত এই দর উপেক্ষা করে কেউ যদি বেশি দরে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, চেম্বার সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, ক্যাব মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন ও বারাদি বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও ধানখোলা বাজার কমিটির সভাপতি তামজিদুর রহমান অনি, সাধারণ সম্পাদক আবু সাইদ টোকন প্রমূখ। প্রসঙ্গত: কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি কৃষি পণ্যের যে দর নির্ধারণ করেছে তার সাথে সামঞ্জস্য বজায় রেখে গরু ও খাসির মাংসের দাম পুনঃনির্ধারণ করা হয়।






