সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর শহরের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সামনে অগ্নিকান্ডে মালিথা ফার্নিচার কারখানা নামের একটি প্রতিষ্ঠান আগুন লেগে সব ভস্মীভূত হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শিমুল মালিথা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর শহরের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের কাছে মালিথা ফার্নিচারে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে প্রতিবেশী লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। এটা ফার্নিচার তৈরীর কারখানা ছিল। আগুনে বিভিন্ন ধরণের কাঠ ও ফার্নিচার সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রতিষ্ঠানের মালিক সোহাগ মালিথা বলেন-প্রতিদিনের মতো বুধবার বিকাল পাঁচটার সময় আমরা বাড়ি চলে যাই। ভোরের দিকে স্থানীয়রা ফোন দিলে জানতে পারি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরো বলেন এই ঘটনায় আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফানির্চারের মালিক সোহাগ মালিথা আরও জানান, তার কারখানার মিস্ত্রিরা সন্ধ্যার আগেই কাজ শেষ করে তালা লাগিয়ে চলে যায়। তবে ডিজাইন মিস্ত্রি একটি কক্ষে রাত প্রায় ১টা পর্যন্ত কাজ করেন। এরপর তিনি মহল্লার নাইট গার্ডকে জানিয়ে বাসায় চলে যান। কারখানায় গিয়ে তিনি দেখেন, ফার্ণিচার মালিকদের ডেলিভারী দেয়ার জন্য রাখা খাট, দরজার পাল্লা ও চৌকাঠ, জানালার পাল্লা ও চৌকাঠ, ডাইনিং টেবিল সহ আরও অনেক ফার্ণিচার এবং ১শ ৫০ সিএফটি সাইজ কাঠ একটি শেডের নিচে রাখা ছিল, সেই ফার্ণিচার গুলোর সবই পুড়ে ছাই হয়ে গেছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।







