সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ সাহারুল ইসলাম ওরফে মাইকেল (৩০) ও মোঃ রনি (৩২) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত একটার দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এস আই খসরু আল মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-বুরিপোতা সড়কে অভিযান চালিয়ে সড়কের কানাপুকুর মোড় থেকে দুজনকে আটক করে। এ সময় তাদেরকে তল্লাশি চালিয়ে ৯৯ পুরিয়া হেরোইন উদ্ধার করে যার ওজন ১৩ গ্রাম।
আটককৃত সাহারুল ইসলাম মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার কুবাদ শেখের ছেলে এবং রনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, দুজন মাদক ব্যবসায়ী হিরোইন পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (খ) এবং (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।







