সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে হাতেম আলী আরও এক সুদ কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামে হাতেম আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে গাংনী থানা পুলিশ। হাতেম আলী একই এলাকার মৃত হারেজ উদ্দিনের ছেলে।
অভিযানে হাতেমের বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা,স্বর্ণেও ৮টি চেইন, ১৪ জোড়া কারেন দুল, ২টি লকেট, ২টি আংটি, ৬টি হাতের বালা, স্বাক্ষরিত সাদা নন জুডিসিয়াল ১২টি ষ্ট্যাম্প ও ৯টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ কুমার নন্দীর নেতৃত্বে এসআই আশিকুর রহমান, এসআই মাসুদ, এএসআই জাহিদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুদ কারবারী হাতেম আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণ, সাদা স্ট্যাম্প ও ব্লাঙ্ক চেক উদ্ধারসহ হাতেম আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। সুদ ব্যবসার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য হাতেম আলীর রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করবে পুলিশ।







