মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যাক্ত বোমার বিস্ফোরণে দুই শিশু আহত
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যাক্ত বোমার বিস্ফোরণে দুই শিশু আহত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যাক্ত দুটি বোমার বিস্ফোরনের ঘটনায় দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশু শহরের থানা পাড়া ও গোভিপুর গ্রামের সাঈদ ও রুবেল। এদের মধ্যে শিশু সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে-থানার মূল ভবন থেকে ১৫০ গজ দূরে থানা মসজিদের সামনে পরিত্যাক্ত বোমা নিয়ে শিশু দু’জন খেলা করার সময় তাদের হাতের উপর বিস্ফোরন ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১দিকে স্থানীয় দুই শিশু প্রতিদিনের মত সদর থানা চত্বরে খেলা করতে আসে। এ সময় তারা একটি পরিত্যাক্ত বোমা হাতে নিয়ে প্রথমে বোমার টেপ খুলে সেটা কি জিনিস তা বুঝার চেষ্টা করে। পরে ব্যর্থ হলে সেটিতে ইট দিয়ে আঘাত করলে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু আহত হয়। শব্দ শুনে পুলিশ সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসকেরা।

হাসপাতালের চিকিৎসক হাসান মঞ্জুরুল জানান- আহত সাঈদের এক হাতের কব্জী বোমায় ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করে জানান-থানা চত্বরে এই শিশুরা প্রতিদিনের মত আজও খেলতে এসেছিল। এ সময় তারা একটি পরিত্যাক্ত বোমা পেয়ে সেটি নিয়ে তারা প্রথমে কৌটার টেপ খোলার চেষ্টা করে। পরে ইটের উপর রেখে সেগুলো ভাঙ্গার চেষ্টা করলে বোমা দুটির বিস্ফোরণ ঘটে।

বোমার শব্দ পেয়ে থানার পুলিশ সদস্য ছুটে গিয়ে দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি থানা চত্বরের মধ্যে হলেও মূল থানা ভবন থেকে ১৫০ ফুট দূরে এবং থানা মসজিদের সামনে ঘটেছে। এই ঘটনার পর আমরা তদন্ত শুরু করেছি। বোমা দুটি কিভাবে তারা পেলো, কোথা থেকে আসলো সেটা তদন্ত করে বের করা হবে।