নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের পাঁচদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন ঢাকায় থাকে। তিনি কেরাণীগঞ্জে একটি কৃষি খামার চালাতেন।
শাহজাহান আলী বলেন, রাতে স্বজনরা দুরন্ত বিপ্লবের মরদেহের ছবি দেখে তার পরিচয় শনাক্ত করেন৷ তিনি গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে নৌ পুলিশের এ পরিদর্শক জানান।
নিহতের ভগ্নিপতি ইমরুল খান জানান, বিপ্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে অর্নাস শেষ করেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল৷ গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরাণীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাবার পথে তিনি নিখোঁজ হন৷ নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়।
দুরন্ত বিপ্লবের লাশ উদ্ধারের পর তার ছোটবোন শ্বাশতী বিপ্লব ফেইসবুক পোস্টে লেখেন, “এমন মৃত্যু ভাইয়া ডিজার্ভ করে না। কোনদিন না। নারায়ণগঞ্জের পাগলাঘাটে কচুরিপানার উপর এমন অসহায়ভাবে ভেসে থাকতে পারে না দুরন্ত বিপ্লব নামের কিংবদন্তিতূল্য ভাইটা আমার। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে এখন। আমরা কাল রাত ৩টায় সেই ছবি দেখে এসেছি। ৭ তারিখেই ও চলে গেসিলো আমাদের ছেড়ে। কামরাঙ্গীরচর থেকে পাগলা পর্যন্ত ভেসে যেতে ওর ৫ দিন লেগেছে।
দুরন্ত বিপ্লবের জানাজা বাদ আছর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির মসজিদের সামনে হবে উল্লেখ করে তিনি লিখেছেন, “যারা শামিল হতে চান, আসবেন।”







