সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মহাব্বতপুর গ্রামের মৃত আছির আলীর ছেলে আনিছ আলী (৪৫), তার স্ত্রী জুলেখা খাতুন (৪০) এবং তাদের ১০ বছর বয়সী কন্যা নিঝুম।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী থেকে মোটরসাইকেলে করে মহাব্বতপুর গ্রামে ফিরছিলেন তারা। পথিমধ্যে চোখতোলা মাঠ এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা জানান, আহত জুলেখা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আনিছ আলী ও নিঝুমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।







