সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সজল নামের এক আউট সোর্সিং কর্মীর হাতে চিকিৎসক লাঞ্চিতের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালের মেডিকেল অফিসার ফরহাদ পারভেজ নামের এক চিকিৎসককে লাঞ্চিত করে সজল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডা. ফরহাদ হাসপাতালের রোগীদের ওয়ার্ডে রাউন্ড শেষে বের হয়ে আসার সময় আউট সোর্সিং কর্মী সজল আকষ্মিক হামলা করে। চিকিৎসকের শার্টের কলার ধরে মারধর করতে থাকে। উপস্থিত লোকজন ছুটে এসে ঠেকালে সজল স্থান ত্যাগ করে। তবে স্থানীয়রা জানান এর আগেও সে হাসপাতালের একাধিক মানুষকে মারধর ও লাঞ্চিত করেছে। প্রভাবশালী রাজনৈতিক এক আত্মীয়ের প্রভাব দেখিয়ে হাসপাতালে তার ক্ষমতার অপব্যবহার করে। তার আচরণে হাসপাতালের ষ্টাফরা ক্ষুব্ধ হলেও কেউ প্রতিবাদ করতে সাহস করে না।
ডাক্তার ফরহাদ বলেন, আমি সকালে বিভিন্ন ওয়ার্ডে রাউন্ড শেষ করে যখন বেরিয়ে আসছি সিড়ি দিয়ে নামছিলাম। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই সজল আমার কলার ধরে মারতে শুরু করে। উপস্থিত লোকজন এসে ঠেকালে সে সেখান থেকে সরে যায়। কিন্তু হঠাৎ আমার সাথে কেনো এমন করলো আমি কিছুই জানি না। আমি আইনগত ব্যবস্থা নিবো।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, আমি ছিলাম না, ঘটনাটি শুনেছি এবং থানায় জানানো হয়েছে। আমি এসে বিষয়টি দেখবো।
এবিষয়ে সজলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।







