সবার সংবাদ ডেস্ক:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৫’শ কীট প্রদান করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা. আব্দুস সালাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জমির মো. হাসিবুস সাত্তারের হাতে কীটগুলো তুলে দেন চেয়ারম্যান।
এসময় আব্দুস সালাম বলেন, শুধু ডেঙ্গুর কীট নয়, জরুরী মূহুর্তে যে কোন প্রয়োজনে আমরা যদি কাজে লাগতে পারি সেটা সবারই ভালো লাগবে। শুধু জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তি মানুষ হিসেবেও আমি যখন সুযোগ পাই কোথাও সহযোগিতা করার করি আর এখনতো একটি দায়িত্বে আছি। এই জেলায় যে কোন সময় যে কোন কাজে এই জেলা পরিষদকে কাজে লাগানোর সুযোগ থাকে সেটা আমরা করবো। এটি তো সামান্য, এর থেকেও বড় কোন প্রয়োজনে আমরা পাশে আছি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জমির মো. হাসিবুস সাত্তার বলেন, কিট সংকটে জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করে। পরে পরিস্থিতি মোকাবিলায় মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট চেয়ে গত ১৮ সেপ্টেম্বর লিখিত আবেদন করলে পৌর মেয়র আমাদের ৫’শ কীট প্রদান করেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেই অনুদান থেকেই ১৫’শ ডেঙ্গু কীট কেনা হয়। পরে ৬’শ কীট মুজিবনগর ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯’শ কীট জেনারেল হাসপাতালে জন্য বিতরণ করা হয়।
এসময় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।







