মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণ ঘটনায় বিএনপির ১১ নেতাকর্মীর নামে মামলা,
উপজেলা যুবদল সভাপতি গ্রেফতার, বিএনপির দাবী সাজানো ঘটনায় সাজানো মামলা
সবার সংবাদ ডেস্ক :
মেহেরপুরের গাংনীতে ২টি বোমার বিস্ফোরণ এবং তিনটি বোমা উদ্ধার ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। ২৯ নভেম্বর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় পৌর যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ২৮ নভেম্বর রাত্রে গাংনী শহরের ত্রিমোনী মোড়ের মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে আরও তিনটি বোমা একটি ব্যাগের ভিতর লুকানো অবস্থায় উদ্ধার করে। ঘটনার প্রতিবাদে ওই রাত্রেই ছাত্রলীগ এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে এই ঘটনায় সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নং-৩২ তাং ২৯/১১/২২ ইং।
মামলার আসামীদের মধ্যে রয়েছেন-গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও তার ভাই জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, পৌর যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক বিপ্লব হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, গাংনী বানিয়াপুকুর গ্রামের বিএনপি কর্মী কামরুল ইসলাম, গাংনী চৌগাছা গ্রামের ছাত্রদল কর্মী ইমন আহমেদ, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, থানাপাড়ার কাজল আলী ও মহিলা কলেজ পাড়ার সুমন ওরফে এ্যাডাম। ওসি জানান- এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গাংনী যুবদলের সভাপতি সাহিদুল ইসলাম।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ক্ষমতা আকড়ে ধরার চেষ্টা করছে। তিনি মামলাটি এবং ঘটনাটি সাজানো দাবী করে অবিলম্বে মামলাটি প্রত্যাহার দাবী করেছেন







