সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বিসিক শিল্প নগরীর (বিসিক) উপ ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠু (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগষ্ট) সকাল ১১ টার সময় বিসিক কার্যালয়ের পাশে জনৈক আঙ্গুর আলীর পুকুর পাড়ের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
শনিবার সন্ধ্যার পর কোন এক সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ পৌর শহরের মৃত সওগাত উল ইসলামের ছেলে। গত ১১ জুলাই মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক হিসেবে তিনি যোগদান করেন।
মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কি কারণে এমন ঘটনা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, বিসিক কর্মকতার্র মরদেহ একটি রশিবাধা অবস্থায় বিসিক ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছে ঝুলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
শামসুজ্জামানের ভাই আহসানুজ্জামান জানান, অফিসের একটি মোটা অঙ্কের হিসাব নিকাশ নিয়ে একটি ঝামেলায় ছিলেন তিনি। এটি বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে সে আমাদের কখনই জানায়নি। তাই আমরা জানিও না সে ঋণগ্রস্থ ছিলো কিনা। পরিবারের সাথেও যে কোন ঝামেলা আছে তা কখনই শুনিনি। সকালে বিষয়টি শুনতে পাবার পর ঘটনাস্থলে আমরা এসেছি। আসলে সে আত্মহত্যা করেছে না অন্য কিছু তা কিছুই বুঝতে পারছি না।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ঘটনা স্থল তিনি পরিদর্শন করেন। এসময় তিনি জানান, আমরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এটি আত্মহত্যা না এর পিছনে অন্য কোন কারণ আছে তা ময়নাতদন্ত সম্পন্ন হবার পর বিষয়টি জানা যাবে।







