কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শনিবার সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাজ্জাদ মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শারমিনের মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।