সবার সংবাদ ডেস্ক:
কুষ্টিয়া সদর উপজেলায় শীতার্ত দরিদ্র, অসহায় প্রবীণ, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ব্র্যাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতি শীত মৌসুমে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ, ব্র্যাকের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সদস্য এবং ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, এদিন কুষ্টিয়া সদর উপজেলায় তিন শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন ব্র্যাক অফিসের উদ্যোগেও একইভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চলতি বছরে কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলায় তিন শতাধিক করে মোট ১ হাজার ৯৪৬ জন শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা এ উদ্যোগকে শীতকালে দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







