সবার সংবাদ ডেস্ক:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এই দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোটবিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছে। তাই বিদেশিদের হাতে নয়, বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে। আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকার কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরী সড়কে ৫২ ও ৫৩ নং ওয়ার্ড জাতীয় পার্টি অয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বাবলা বলেন, ‘জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন চায়। এই জন্য যেকোনও বন্ধুপ্রতীম রাষ্ট্রের সু-পরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপসন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারও প্রেসক্রিপসনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, ‘বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনি এলাকাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।’







