ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।
এর আগে মীর মশারফ হোসেন একাডেমিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে সমবেত হয় এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে ফটোসেশন, সাংগঠনিক সভা এবং র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকে এই অর্থনীতি বিভাগের পুনর্মিলনী দেখে খুব ভালো লাগছে। আমার অন্য রকম অনুভূতি নিহিত হচ্ছে। অর্থনীতি বিভাগ চক্ষুষ্মান মানুষ তৈরি করতে কাজ করে যাচ্ছে। কোন দেশের অবস্থা ভালো আছে বা ভালো নেই এটা বোঝা যায় সে দেশের অর্থনীতি দেখে। তাই এক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতির ছাত্রদের অবদান অনেক বেশি। আমি আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থনীতি এ্যালামনাই দেশের প্রতেক ক্ষেত্রে অবদান রাখবেন ও দেশের জন্য কাজ করবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুন্দর ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার জন্য আপনারা ইবিয়ান ও অর্থনীতি বিভাগ কাজ করবেন। প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি বিকেলে মীর মশারফ হোসেন ভবন চত্বরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস হয়ে উঠে মুখরিত।







